রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্থগিত হওয়া উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর হবে। তবে নির্বাচনে নতুন করে মনোনয়ন প্রত্যাশীদের সুযোগ দিয়ে নতুন করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আওয়ামী লীগ। আর নির্বাচনে নতুন করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সুযোগ দিয়ে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গত মঙ্গলবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটটি উপজেলা পরিষদ, পাঁচটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রার্থীর মৃত্যু ও বন্যাসহ বেশকিছু কারণে কয়েকবার গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত হয়। নতুন তফসিল অনুযায়ী চেয়ারম্যান পদের উপনির্বাচনের জন্য ১৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৮-২০ নভেম্বর আপিল দাখিল, ২১-২২ নভেম্বর আপিল নিষ্পত্তি, ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।