কারখানার লাইসেন্স নিতে মানতে হবে ১০ শর্ত

কারখানা ও প্রতিষ্ঠানে কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রম পরিদর্শন অধিকতর দক্ষভাবে সম্পন্ন করতে বিষয়ভিত্তিক চার ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। এই এসওপি অনুযায়ী, কারখানার লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে মানতে হবে অন্তত ১০টি শর্ত। এগুলো হলো ট্রেড লাইসেন্স, ভাড়ার চুক্তি বা জমির খতিয়ান, কারখানা মালিকের জাতীয় পরিচয়পত্রের কপি, বিদ্যুতের ডিমান্ড নোট, অংশীদারি চুক্তির কপি বা কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম অব আর্টিকেল, কারখানার লে আউট প্ল্যান অনুমোদনের কপি, ফি পরিশোধের কপি, কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীর তালিকা, ফায়ার লাইসেন্সের কপি, প্রযোজ্য অন্য কোনো লাইসেন্স। এসব শর্ত পূরণ হলে লাইসেন্স দেবে ডিআইএফই। গত বুধবার এ সংক্রান্ত এসওপি চূড়ান্ত করা হয়েছে।

চূড়ান্ত হওয়ার চার ধরনের এসওপি হলো শ্রম অভিযোগ ও তদন্ত, কারখানার লেআউট প্ল্যান অনুমোদন, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়া, পেশাগত দুর্ঘটনা ও তদন্ত। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ছাড়াও কানাডা, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সহায়তায় এই এসওপি চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে চূড়ান্তকৃত এসব এসওপি ডিআইএফইর সাইটে দেওয়া হয়েছে।