মার্কিন নির্বাচনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি গ্রুপ মুছে দিয়েছে ফেসবুক। আলজাজিরার খবর।
সামাজিক যোগাযোগমাধ্যমটি জানায়, ভুল তথ্য ও হিংসাত্মক বার্তা ছড়াচ্ছিল ট্রাম্প সমর্থকদের দ্রুত ক্রমবর্ধমান একটি গ্রুপ। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির ভিত্তিহীন অভিযোগ তুলে সংঘবদ্ধ বিক্ষোভের উসকানি দিচ্ছিল তারা।
এক বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র জানান, ‘গ্রুপটির কিছু সদস্যের থেকে সহিংসতা আহ্বানগুলো আমরা দেখেছি, যা উদ্বেগজনক।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গোনাগুনির উত্তেজনা পরিস্থিতিতে এমন পদক্ষেপ নিল সামাজিক মাধ্যমটি।
গ্রুপটির নাম ‘স্টপ দ্য স্টিল’ বলে জানা গেছে। ভোটের মর্যাদা রক্ষার্থে ট্রাম্প সমর্থকেরা ফেসবুকে এ গ্রুপটি খুলে। একদিনে গ্রুপটির তিন লাখ ৬৫ হাজারের বেশি ছাড়িয়ে যায়।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখন জয়ের দ্বারপ্রান্তে চলে গেছেন। তবে ট্রাম্পের দাবি, নির্বাচনে জালিয়াতি হয়েছে। তাকে হারানোর চেষ্টায় অবৈধ ভোট গণনা করা হচ্ছে।
এদিকে মার্কিন নির্বাচনে কারচুপি হয়েছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিযোগ করেছেন তাকে পাত্তা দিতে নারাজ আন্তর্জাতিক একটি পর্যবেক্ষক মিশন।
দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ বা ওএসসিই নামে সংস্থাটি বলেছে, ‘কভিড-১৯ এর কারণে নানা ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও নির্বাচনটি প্রতিযোগিতামূলক এবং ভালোভাবে পরিচালিত হয়েছে।’
ফক্স নিউজের হিসাব মতে, ২৬৪টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে চূড়ান্ত বিজয়ের কাছাকাছি বাইডেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল।
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন প্রার্থী দু’জন। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।
তবে নির্বাচনে নিজের জয় দাবি করে ট্রাম্প গুরুত্বপূর্ণ চারটি অঙ্গরাজ্যের ভোট গণনার উপর মামলা করা ফলাফল প্রকাশ নিয়ে জটিলতার আশঙ্কা দেখা দিয়েছে।