শেরপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে ঝিনাইগাতী থানার পুলিশ আবু জাফর ওরফে সুরুজকে (৬০) গ্রেপ্তার করে।

তিনি উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। অভিযানকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান হাতে আঘাত পেয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গ্রেপ্তার আবু জাফর ও অন্য আসামিরা ২০০৬ সালের ৮ মে উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) নৃশংসভাবে হত্যা করেন।

এ ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে আবু জাফরকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। কিন্তু জাফর ঘটনার পর থেকে পলাতক ছিলেন। এরপর আদালত থেকে জাফরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করে।

এদিকে অবিজল নামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন তাকে জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে গ্রেপ্তার করেন। অবিজল উপজেলার কাংশা ইউপি আয়নাপুর গ্রামের ফিকির আলীর ছেলে।

জানা যায়, ২০০৫ সালের জাল টাকার একটি মামলায় ২০১০সালে আদালত অবিজলকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেয়। ২০০৫ সাল থেকেই তিনি পলাতক ছিলেন। অনেক খোঁজখবর করেও পুলিশ তার সন্ধান পায়নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে জামালপুরের বকশীগঞ্জ থেকে গ্রেপ্তার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।