প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন আশরাফ আলী খান ও আবদুল কাদির আনোয়ার। গত বুধবার রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার জানান, গ্রেপ্তারকৃতরা প্রথমে সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হয়ে সখ্য গড়ে তোলেন। এ সময় তারা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব, মহাপরিচালক, বিভিন্ন প্রকপ্পের পরিচালক বা এনজিওবিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। পরে তারা আত্মগোপনে চলে যান। তাদের ফাঁদে পা দিয়ে অনেকেই মোটা অঙ্কের টাকা খুইয়েছেন।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে করোনা মহামারী সংক্রান্ত প্রণোদনা প্যাকেজের ১৫ থেকে ২০ লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ৫০ হাজার বা ১ লাখ টাকা করে নিয়েছিল এই চক্র। তাদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।