ফরিদপুর কুমার নদের বেড়িবাঁধে ৩শ মিটার ধস

ফরিদপুর বর্ধিত পৌর এলাকা গুহলক্ষ্মীপুর ১৭ নম্বর ওয়ার্ডের কুমার নদের বেড়িবাঁধের ৩শ মিটার অংশ ধসে গেছে।

গত তিনদিন যাবৎ শহরের অম্বিকাপুর কবি জসীম উদ্দীনের বাড়ি থেকে চুনাঘাটা পর্যন্ত সড়কের গুহলক্ষ্মীপুর এলাকায় তিনশ মিটার অংশ দেবে যাওয়া শুরু করে। গতকাল শনিবার সকালে দেবে যাওয়া ওই অংশ ধসে যায়। ফলে ওই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া ধসে যাওয়া এলাকায় বসবাসকারীরাও হুমকির মুখে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড নদটি খননের পর থেকেই ঝুঁকির মধ্যে পড়ে বাঁধের এই সড়কটি। সম্প্রতি নদের পানি কমতে শুরু করার পরে সড়কে বিভিন্ন স্থানে দেবে যেতে শুরু করে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতি মুখে পড়বে বসতবাড়ি।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ধসে যাওয়া অংশটি  দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ফরিদপুর সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী আজাহারুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।