বঙ্গবন্ধু রচিত বই

পাইরেটেড কপি বিক্রি, ৪ জনকে জেল-জরিমানা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বইয়ের পাইরেটেড কপি বিক্রির অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিউমার্কেট থানার ইসলামিয়া মার্কেটের বিভিন্ন বইয়ের দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলা একাডেমি প্রকাশিত জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের পাইরেটেড মোট ২০টি কপি জব্দ করা হয়।

গতকাল শনিবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত এই তিনটি বই জাতির জন্য একটি ঐতিহাসিক দলিল। এই বইগুলো আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখি। জাতির ইতিহাসের জন্য বই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাংলা একাডেমি থেকে চিঠির মাধ্যমে জানতে পারি এই বইগুলো পাইরেটেড হচ্ছে। এরপর আমরা তথ্য নিয়ে জানতে পারি নিউমার্কেটের নীলক্ষেত এলাকার দুটি বইয়ের মার্কেটে বইগুলো পাইরেটেড হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ উল্লিখিত মার্কেটে অভিযান চালায়।

উপপুলিশ কমিশনার আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পাইরেটেড বই বিক্রির অভিযোগে নীলক্ষেতের ইসলামিয়া মার্কেটের বই বাজার প্রকাশনীর স্বত্বাধিকারী সৈয়দ রবিউজ্জামানকে ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং ওই দোকান থেকে ১৫টি ‘কারাগারের রোজনামচা’ বইয়ের পাইরেটেড কপি জব্দ করা হয়। ইসলামিয়া মার্কেটের চাঁদপুর বুক সেন্টারের স্বত্বাধিকারী মো. হামিদকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় এবং ওই দোকান থেকে একটি ‘কারাগারের রোজনামচা’, একটি ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও একটি ‘আমার দেখা নয়াচীন’ বইয়ের পাইরেটেড কপি জব্দ করা হয়। জিসান-১ বুক সেন্টার দোকান থেকে একটি ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাইরেটেড কপি জব্দ ও পাইরেটেড বিক্রি করার দায়ে মো. সাগরকে ১০ হাজার টাকা জরিমানা ও জিসান-২ বুক সেন্টার দোকান থেকে একটি ‘কারাগারের রোজনামচা’ বইয়ের পাইরেটেড কপি জব্দ ও পাইরেটেড বিক্রি করার দায়ে সোহেল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কারাদন্ড প্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।