আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ মারা গেছেন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজল আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরীর বাস ভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে ফজল আহমদের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা ফজল আহমদ দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন। রবিবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, মুক্তিযোদ্ধা ফজল আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

এক শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ফজল আহমদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ ছাড়া আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মন্নান, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক প্রমুখ মুক্তিযোদ্ধা ফজল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।