কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৬৬টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল সেট জব্দসহ কেনাবেচায় জড়িত থাকার অপরাধে তিন সহোদরকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং গ্রামের মৃত মৌলভী আবুল হোসেনের তিন ছেলে মো. হোছাইন (৩৭), দেলোয়ার হোছাইন (৩৫) ও দিদার হোছাইন (৩০)।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পেকুয়া উপজেলার টইটং বাজারস্থ ‘রক সেইড স্টুডিও’ ও পেকুয়া বাজারস্থ এসডি সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত ‘দি টাচ টেক’ নামক দুইটি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন সহোদরকে আটক করে কক্সবাজার ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, আটক তিন সহোদর দীর্ঘদিন ধরে টইটং বাজার ও পেকুয়া বাজারে ২টি দোকান ভাড়া নিয়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের দামি চোরাই মোবাইল সস্তায় কিনে সেগুলো গ্রাহকদের কাছে বিক্রি করে আসছিলেন।
স্থানীয়রা জানায়, শনিবার কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবির আভিযানিক সদস্যরা দুই দলে ভাগ হয়ে একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে দুইটি চোরাই মোবাইলের দোকানে অভিযান চালায়।
অভিযানে ২টি দোকান থেকে ৬৬টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল জব্দ করে ডিবি পুলিশ।
অভিযানে নেতৃত্ব দানকারী কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী জানান, আটকদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে পেকুয়া থানায় মামলা দায়ের করেছে।