চলতি মাসের মাঝামাঝিতে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল মধ্যকার দুটি ফুটবল প্রীতি ম্যাচ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাফুফে। তার মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপও ছিল। কিন্তু করোনাভাইরাস সংকটের কারণে সব পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে।
তাই প্রীতি ম্যাচ দুটির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে সম্মান জানানোর পরিকল্পনা কিছুটা হলেও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাফুফে।
এ ব্যাপারে রোববার সংবাদ সম্মেলনে বাফুফে প্রধান কাজী সালাউদ্দিন বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই ম্যাচ দুটি আমরা জাতির জনককে উৎসর্গ করতে চাচ্ছি। আমাদের অনেক কিছু করার পরিকল্পনা ছিল। চার-পাঁচটা আন্তর্জাতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম। কিন্তু কোভিড-১৯ এর কারণে তা আর সম্ভব হয়নি।”
“ফুটবলাররা শুধুমাত্র বঙ্গবন্ধুর ডাকে সরাসরি যুদ্ধে গেছে। আমরা করোনাকে হার মানিয়ে মুজিব শতবর্ষ প্রোগ্রাম করব। তারই ধারাবাহিকতায় সরকারের সব নিয়মকানুন মেনে ফিফা থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ-নেপাল ম্যাচ আয়োজন করছি। আশা করছি, সাফল্যের সঙ্গে সেটি শেষ করতে পারব।”