চাঁদপুরে ভাতিজা হত্যায় চাচাসহ ২ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শিশু মাহিব (৭) হত্যা মামলায় আপন চাচাসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত। এ সময় উভয় আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার বিকেলে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক এস এম জিয়াউর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার ঘোনা এলাকার মুকবুল হোসেনর ছেলে জামাল হোসেন এবং একই এলাকার সহিদ উল্লাহর ছেলে সজিব।

মামলার এজাহারে জানা যায়, ২০১৮ সালের ৩ই ডিসেম্বর দুপুরে মাহিব ঘোনা স্কুল মাঠে খেলতে যায়। সন্ধ্যার পরেও আর বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত মাহিবকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় চাচা জামাল হোসেন ৪ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় যুবক সজিব হোসেনকে আটক করে পুলিশ। সজিবের দেওয়া তথ্য মতে ঘটনার সাত দিন পর ১০ ডিসেম্বর বাড়ির পাশের একটি সেফটি ট্যাংকি থেকে মাহিবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সজিবের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামাল হোসেনের সম্পৃক্ত থাকার বিষয়টি বেরিয়ে আসে।

দীর্ঘ শুনানি এবং ২৫জন সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার বিকেলে বিচারক দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ রায় প্রদান করেন।

মাহিবের বাবা মো. মাসুদ রানা বলেন, বড় ভাই জামাল হোসেনের সঙ্গে আমার ছেলে সাকিবের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই আমার আদরের শিশুকে খুন করেন আমার ভাই। দীর্ঘ দুই বছর অপেক্ষা করেছি ন্যায় বিচারের আশায়। আজ ন্যায় বিচার পেয়েছি। এখন সরকারের কাছে একটাই দাবি, বিচারের রায় যেন অতি দ্রুতি কার্যকর করা হয়।

বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এড. রণজিৎ কুমার রায় চৌধুরী বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। ধূর্ত জামাল হোসেন প্রথমে নিজে সাধু সাজার চেষ্টা করেছে। কিন্তু পুলিশি তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসে। সাজা হওয়ায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।