দুইশ নারী ও পরুষকে নিজের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে ৫৪ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। দেশটির কর্ণাটকের ছাল্লাকেরায় ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজের নগ্ন ছবি প্রায় ২০০ জনকে মোবাইলে মেসেজ করে পাঠান। এটা করেই তিনি মানুষকে হেনস্তা করেন এবং আনন্দ পান।
প্রায় ৬ মাস ধরে এমন কাণ্ড চালিয়ে যাচ্ছিলেন তিনি। ১২০ জন নারী এবং ৮০ জন পুরুষের মোবাইলে এই ছবি পাঠানো হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ। শুক্রবার রামকৃষ্ণ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ছাল্লাকেরা এলাকার অসংখ্য মানুষের মোবাইলে এমন অশ্লীল ছবি পাঠানো হয়েছে বলে অভিযোগ পায় পুলিশ। অজানা নম্বর থেকে অসংখ্যবার এমন ছবি পাঠানো হয়।
একাধিক অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে বেশ কয়েকবার চেষ্টা করেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। কারণ রামকৃষ্ণ ছবি পাঠিয়েই মোবাইল বন্ধ করে দিতেন।
যদিও শেষ পর্যন্ত ধরা পড়েন তিনি। শুক্রবার আচমকাই মোবাইলটি তিনি অন করেন এবং তখনই তার লোকেশন ট্রেস করে ফেলে পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেন রামকৃষ্ণ।