যুক্তরাষ্ট্র পাচ্ছে প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রীকে ডাকা হয় ফার্স্টলেডি। আর ভাইস প্রেসিডেন্টের স্ত্রীকে বলা হয় সেকেন্ড লেডি। কিন্তু এবার ‘সেকেন্ড লেডি’ বলে কেউ থাকছেন না। কারণ কমলা হ্যারিস এবার হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। তাহলে কমলার স্বামীকে কী বলা হবে?

জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় ফার্স্টলেডি হচ্ছেন তার স্ত্রী জিল বাইডেন। কিন্তু ভাইস প্রেসিডেন্ট হতে যাওয়া কমলার স্বামী ডগলাস এমহফের সম্বোধন নিয়ে একটা টানাপড়েন তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতি এর আগে কখনো সৃষ্টি হয়নি। দেশটি এ পর্যন্ত কোনো নারী ভাইস প্রেসিডেন্ট পায়নি। ফলে সেকেন্ড লেডির জায়গায় একজন পুরুষ হলে কী হবে, তা নিয়েও কখনো ভাবতে হয়নি। কিন্তু বাইডেনের জয়ের পর গত শুক্রবার রাতে সিএনএনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে বেশ আলোচনাও হয়েছে। সেই সময় আলোচনায় আসে কমলার স্বামীর সম্বোধনের বিষয়। দুই আলোচক বলেন, তাকে হয়তো ‘সেকেন্ড হাজব্যান্ড’ কিংবা ‘সেকেন্ড স্পাউস’ বলা হবে।

তবে এই সম্বোধন আগেই ঠিক করে রেখেছে নিউ ইয়র্ক টাইমস। গত আগস্টেই তারা ডগলাসকে ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হিসেবে আখ্যা দিয়েছে।