রিজেন্টের সাহেদের বিরুদ্ধে সিলেটে গ্রেপ্তারি পরোয়ানা

করোনাভাইরাস পরীক্ষায় প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এবার চেক ডিজঅনারের মামলায় সিলেটে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল রবিবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক হারুনুর রশিদ তিনটি মামলায় সাহেদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।  

আদালতের এপিপি আবদুস ছাত্তার এ তথ্য নিশ্চিত করে জানান, সাহেদের দেওয়া ১০ লাখ টাকার দুটি ও ৫০ হাজার টাকার একটি চেক নগদায়ন করতে না পেরে সিলেটের কানাইঘাটের দরবস্ত এলাকার পাথর ব্যবসায়ী শামসুল মৌলা আদালতে পৃথক তিনটি মামলা করেন। এসব মামলায় গতকাল আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মামলার বাদী শামসুল মৌলা জানান, সাহেদ তার কাছ থেকে পাথর নিয়েছিলেন। পাথর নেওয়ার সময় তিনটি চেকে ২০ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু চেকগুলো নির্ধারিত তারিখে ব্যাংকে উপস্থাপন করলে তা ডিসঅনার হয়। পরে শামসুল মৌলা ঢাকায় গিয়ে সাহেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তিনি টাকা না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেন।