রাজাকারের সন্তান বলায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর রোস্তম আলীর কাছে ব্যাখ্যা চেয়ে লিগ্যাল নোটিস দিয়েছেন এক শিক্ষক। গত রবিবার বিকেলে ওই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলীমের পক্ষে পাবনা জজকোর্টের আইনজীবী আব্দুল মজিদ মাজেদ এই নোটিস পাঠান।
আগামী সাত দিনের মধ্যে নোটিসের সদুত্তর না দিলে ভিসির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হবে বলেও তাতে উল্লেখ করা হয়।
ড. আব্দুল আলীম বলেন, গত ৫ ও ৬ নভেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম রোস্তম আলীর অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ক্যাম্পাসে একক অবস্থান কর্মসূচি পালন করি। সামাজিক মাধ্যমে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ তুলে ধরি। তিনি সেসব অনিয়মের কোনো ব্যাখ্যা না দিয়ে কয়েকটি গণমাধ্যমে আমাকে রাজাকার পরিবারের সন্তান বলে উল্লেখ করে বক্তব্য দেন।
একই সঙ্গে তিনি জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতেই আমি আন্দোলন করছি বলে মন্তব্য করেন। এমন অসত্য বক্তব্য আমার জন্য চরম অপমানজনক।
তিনি আরও বলেন, দুর্নীতির প্রতিবাদে একক অবস্থান কর্মসূচি পালনের পরদিন সকালে শহরের মাসুম বাজারে কয়েকজন অপরিচিত সন্ত্রাসী আমাকে ভিসির বিরুদ্ধে আন্দোলন থেকে সরে আসতে বলে। নইলে আমাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ সময় মোবাইলে তাদের ছবি নিতে গেলে তারা আমার ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমি পাবনা সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছি। নিরাপত্তাহীনতায় ভুগলেও আমি আমার অবস্থান থেকে সরে আসব না।
আইনজীবী আব্দুল মজিদ বলেন, প্রেরিত নোটিসের আগামী সাত দিনে সদুত্তর না দিলে ভিসির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির দেওয়ানি ও ফৌজদারি আদালতে মামলা করা হবে।
এ ব্যাপারে পাবিপ্রবি ভিসি রোস্তম আলীর বক্তব্য জানতে সোমবার বিকেলে তার মুঠোফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছেন বলে তিনি ফোন কেটে দেন।