‘উইমেন’ (নারী) শব্দের সংজ্ঞায় পরিবর্তন আনল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। ৩৪ হাজারেরও বেশি মানুষের স্বাক্ষরে করা এক পিটিশনের পরিপ্রেক্ষিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে গত রবিবার জানিয়েছে দ্য গার্ডিয়ান। ‘উইমেন’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগের মুখে তাদের হালনাগাদ সংস্করণে এ পরিবর্তন আনল অক্সফোর্ড ডিকশনারি কর্র্তৃপক্ষ।
জানা যায়, ‘উইমেন’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দের বিষয়ে আপত্তি জানিয়ে গত বছর মারিয়া বিট্রিস জিওভানার্দি নামে এক নারী অনলাইন পিটিশন চালু করেন। সেখানে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ‘উইমেন’ সংজ্ঞা-প্রতিশব্দে ব্যবহৃত আপত্তিকর শব্দ বাদ দেওয়ার দাবি তোলা হয়। পিটিশনটিতে সে সময় ৩৪ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেন। এরপর এমন বিস্তর সমালোচনার মুখে ‘উইমেন’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে পরিবর্তন আনে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
প্রেসটির এক মুখপাত্র জানান, ব্যাপক পর্যালোচনার পর এ পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির হালনাগাদ সংজ্ঞায় বলা হয়েছে, ‘উইমেন’ বা একজন নারী একজনের স্ত্রী, বান্ধবী বা নারী প্রেমিকা হতে পারে। যেখানে নারীর আগের সংজ্ঞায় বলা হয়েছিল, একজন পুরুষের স্ত্রী, বান্ধবী বা প্রেমিকা। এর আগে ‘উইমেন’ শব্দের ইংরেজি প্রতিশব্দে বেশকিছু যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ছিল। তাই ডিকশনারিটির হালনাগাদ সংস্করণে তার কয়েকটি বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে লন্ডনভিত্তিক যোগাযোগ ও মার্কেটিং বিশেষজ্ঞ মারিয়া বিট্রিস জানান, এ পরিবর্তনে তিনি ৮৫ শতাংশ খুশি। বাকি যে আপত্তিকর শব্দ আছে, তা বাদ দেওয়ারও জোর দাবি জানান তিনি।