স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিএনপি। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও তা জমা নেওয়া হবে। এছাড়া ইতিমধ্যে জেলা নেতাদের তাদের নিজ নিজ জেলার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করে তা কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে বিএনপির এক ভাইস চেয়ারম্যান দেশ রূপান্তরকে বলেন, ‘দলীয় প্রার্থী নির্বাচনে তৃণমূলের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী মনোনয়নের নীতিমালা প্রণয়নও শেষ করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে। ফলে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও চাঙ্গা হয়ে উঠছে তৃণমূলের নেতাকর্মীরা। অবশ্য গ্রামাঞ্চলে আরও আগে থেকেই বইছে নির্বাচনী বাতাস।’
তিনি আরও বলেন, ‘জেলা থেকে প্রার্থীদের যে তালিকা পাঠানো হবে সেই তালিকা অনুযায়ী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র তাদের বুঝিয়ে দেওয়া হবে।’
এদিকে নিজ নিজ জেলার প্রার্থীদের নাম চূড়ান্ত করতে কেন্দ্র থেকে নির্দেশ পাওয়ার পর জেলার নেতারাও তাদের কাজ শুরু করে দিয়েছেন। এরই অংশ হিসেবে গতকাল দুপুরে জেলার নয়টি পৌরসভা নির্বাচনে দলের মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। সভায় মনোনয়নপ্রত্যাশী ছাড়াও নয়টি পৌর বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন। সভায় জিএম সিরাজ বলেন, বিএনপি তৃণমূলের পছন্দ অনুযায়ী জনপ্রিয়দের মনোনয়ন দেবে। এজন্য বিভিন্নভাবে জরিপ কাজ চলছে। দলের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জিএম সিরাজ দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপি স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চায় না। কারণ এতে স্থানীয়ভাবে বিভাজন বা বিভক্তি সৃষ্টি হয়। কিন্তু সরকারদলীয় প্রতীকে নির্বাচন জোর করে চাপিয়ে দিয়েছে। তাই জনপ্রিয় প্রার্থীরা দলের মনোনয়ন নিতে আগ্রহ দেখান না। এ কারণে তাদের কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হন।’
এর আগে গত রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার থেকে স্থানীয় সরকার নির্বাচনের (উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) বিভিন্ন পদে দলীয়ভাবে মনোনয়ন ফরম বিতরণের কথা জানানো হয়েছিল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় ও বিএনপির জেলা কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ করা যাবে। গুলশানের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম কেনা যাবে। প্রথম পর্যায়ে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আটটি উপজেলা পরিষদ, চারটি পৌরসভা এবং ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফরম বিক্রি হবে।
গত ২ নভেম্বর পৌরসভাসহ মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকারের নির্বাচন কয়েক ধাপে করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ডিসেম্বরের শেষদিকে শুরু হয়ে মে মাসের মধ্যে হবে এসব স্থানীয় সরকারের ভোট। এরপর গত শনিবার লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়নপত্র বিক্রি করার সিদ্ধান্ত হয়।