মেডিকেলের পরীক্ষা জানুয়ারিতেই, বিকল্প নেই বলছে অধিদপ্তর

চিকিৎসা শিক্ষার এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে। এমন সিদ্ধান্ত থেকে সরছে না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সেশনজট থেকে মুক্ত রাখতে পরীক্ষা নেওয়া ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। পরীক্ষা পেছাতে মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা সহনীয় হওয়ায় এবং শিক্ষার্থীদের সেশনজট থেকে মুক্ত রাখতে পরীক্ষা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। চিকিৎসা শিক্ষাব্যবস্থা ভিন্নধর্মী হওয়ায় বিদ্যমান বিধিতে পরীক্ষা ব্যতীত অন্য কোনোভাবে একজন শিক্ষার্থীর পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে সব শিক্ষার্থীকে আন্দোলনে অংশ না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমডিসির প্রতিনিধিদের সমন্বয়ে একাধিক সভার মাধ্যমে পরীক্ষা গ্রহণ সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। এতে সবার সম্মতিক্রমে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে নিয়মিত ও অনিয়মিত ব্যাচের প্রফেশনাল পরীক্ষা অধিদপ্তরের গাইডলাইন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে গ্রহণের সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অন্যান্য প্রফেশনাল পরীক্ষাও নেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে অনিয়মিত ব্যাচের চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা চলমান আছে। পরীক্ষার নির্দিষ্ট সময়ের এক মাস আগে স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান করতে পারবে।

দেশে বর্তমানে ৩৬টি সরকারি ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।