মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বাইডেন : কাদের

দায়িত্ব গ্রহণের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমাদের বিশ্বাস, ডেমোক্রেটিক সরকার বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে অবদান রাখবে। বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণ এবং দুই দেশের সরকারের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে।

গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করি রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে। আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে প্রাধান্য পাবে বলেও আমরা আশা করি।

সরকার বিরাজনীতিকরণ করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার এই নীতিতে বিশ্বাসী নয়। ১/১১ তে প্রথমে মাইনাস ফর্মুলায় পড়েছিলেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয়। সে সময়ের দেওয়া মামলায় বেগম জিয়ার সাজা হয়েছে। এই মামলা আওয়ামী লীগ সরকারের দেওয়া মামলা নয়। আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয়। বিশ্বাস করে না বলেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছেন শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ হাসিনা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চান বলেই বেগম জিয়ার সন্তানের মৃত্যুতে তাকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছিলেন। কিন্তু বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচনবিমুখতা।

ওবায়দুল কাদের বলেন, আদালতের রায়ে কেউ শাস্তিভোগ করলে তার দায় সরকারের নয়। এখানে বিরাজনীতিকরণের কোনো বিষয় নেই। আওয়ামী লীগেরও অনেক নেতা আইনের আওতায় শাস্তি পাচ্ছেন। সরকার রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করেনি।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল-জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ পরমতসহিষ্ণুতায় বিশ্বাসী তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না।