বিএনপি দেশকে অন্ধকারের দিকে নিয়েছিল : তথ্যমন্ত্রী

ক্ষমতায় থাকতে বিএনপি দেশকে অন্ধকারের দিকে নিয়েছিল, গত এক যুগেও একই অপচেষ্টা করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতিদ্বয়ের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির জন্মই হয়েছে অগণতান্ত্রিকভাবে সেনাছাউনির মধ্যে, সেনাবাহিনীর শত শত অফিসার এবং জওয়ানের লাশের ওপর দাঁড়িয়ে। তাদের আমলে দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন। হাওয়া ভবনে সমান্তরাল সরকার পরিচালনা আর খোয়াব ভবনে ছিল আমোদ-ফুর্তি। তখন বাংলাভাই, শায়খ আব্দুর রহমানসহ জঙ্গির উত্থান ঘটেছিল। দেশে আদালতে বোমা,রাজপথে বোমা, ৬৩টি জেলায় পাঁচশর বেশি স্থানে একযোগে বোমা ফেটেছিল।

তিনি আরও বলেন, বিএনপি শুধু গৎবাঁধা অভিযোগ করেই যায়। বিএনপির বক্তৃতা-বিবৃতি, আন্দোলন-সংগ্রাম সবই নির্বাচন কমিশন আর তত্ত্বাবধায়ক সরকারকেন্দ্রিক, যা প্রমাণ করে তারা শুধু ক্ষমতা চায়, জনগণের কথা ভাবে না।

শহীদ নূর হোসেন স্মরণে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক জীবন্ত পোস্টার হিসেবে সব সময় নূর হোসেনের নাম রক্তাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।

চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও আইন সম্পাদক আর এম ইউনুস রুবেল এ সময় উপস্থিত ছিলেন।