আন্তর্জাতিক ‘প্রো বোনো’ অ্যাওয়ার্ড পেলেন ইশরাত হাসান

নারী ও শিশুর আইনি অধিকার রক্ষার অবদানস্বরূপ প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ‘প্রো বোনো’ অ্যাওয়ার্ড পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান। গত সোমবার বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টায় আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন বিজয়ী হিসেবে ইশরাত হাসানের নাম ঘোষণা করে। এর আগে গত ১ অক্টোবর এ সম্মান ও পুরস্কারের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকায় ইশরাত হাসানও মনোনয়ন পেয়েছিলেন। চূড়ান্ত বাছাইয়ে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান এবং ইকুয়েডরের ৬ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন তিনি।

‘প্রো বোনো’ একটি ল্যাটিন শব্দ। জনস্বার্থে আইনিপন্থায় সেবা দেওয়ার ক্ষেত্রে এটি বোঝানো হয়। আর ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন হলো সারা বিশ্বের আইনজীবীদের আন্তর্জাতিক সংগঠন। এর অধীনে ৮০ হাজারেরও বেশি আইনজীবী ও বিশে^র ১৯০টি বার অ্যাসোসিয়েশন রয়েছে। এর কেন্দ্রীয় কার্যালয় ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। সংগঠনটি প্রতিবছর সারা বিশে^র আইনজীবীদের মধ্য থেকে প্রো বোনো ক্যাটাগরিতে অবদানের জন্য আইনজীবী, ল’ ফার্ম এবং আইনজীবীদের সংগঠনকে পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। বাংলাদেশের জনগণের বিশেষ করে দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথে বাধা দূরীকরণ এবং নারী ও শিশুর আইনি অধিকার রক্ষায় অবদানের জন্য আইনজীবী ইশরাত হাসানকে এই পুরস্কার দেওয়া হয়।

আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আইনজীবী ইশরাত হাসানকে একজন মানবতাবাদী আইনজীবী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা  হয়,  ইশরাত হাসান তার দেশে প্রো বোনো কার্যক্রমের মাধ্যমে গভীর এবং অনন্য ইতিবাচক প্রভাব তৈরি করেছেন। জনস্বার্থে মামলা পরিচালনার মাধ্যমে আইনজীবী ইশরাত হাসান তার প্রো বোনো উদ্যোগের জন্য স্বীকৃত হয়েছেন। বাংলাদেশের পাবলিক প্লেসগুলোতে ব্রেস্টফিডিং রুম স্থাপন এবং গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা নিয়ে কাজ করে তিনি স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ইশরাত হাসান উদাহরণ তৈরি করেছেন।