সারা বছর টেলিভিশন নাটক আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন জনপ্রিয় তারকা সাবিলা নূর। এখন সংসারের দায়িত্বও যুক্ত হয়েছে। তার সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলেছেন রণ
নতুন স্বাভাবিকে...
নতুন স্বাভাবিকে কাজ করছি আরও হিসাব নিকাশ করে। যে কাজটি না করলে মনে আফসোস থেকে যাবে শুধু সেই কাজটিই করছি। কোরবানির ঈদেও বেশি কাজ করিনি। এখন ভালোবাসা দিবসের কিছু খ- নাটক করছি। সবই মানসম্মত ও বৈচিত্র্যময় গল্প। গড়পড়তা কাজের জন্য স্বাস্থ্যঝুঁকি নিতে চাই না।
টেলিভিশন নাকি ওয়েব...
এখন তো কাজের ধরন বদলে গেছে। এখন টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্মের জন্য নাটক-টেলিছবির কাজ হচ্ছে। দেখা যায়, তৈরি হওয়ার পর হয়তো সিদ্ধান্ত হয়, ডিজিটাল রিলিজের পাশাপাশি কোনো একটি চ্যানেলেও চালানো হবে ওটা। তাই টেলিভিশন বা ওয়েব আলাদা করে এখন আর দেখা হয় না।
ভিডিও কনটেন্ট...
আমি কখনোই টিকটকে ছিলাম না। মানুষের নানা ধরনের কথা শুনে আমার ধারণা হয়েছিল, এ ধরনের কনটেন্ট বানানোর প্ল্যাটফর্মে বুঝি অনেক নেগেটিভিটি থাকবে। কিন্তু আমি লাইকি নামের একটি প্ল্যাটফর্মে ঢুকলাম। দেখলাম, আমার ধারণা ভুল। এ ধরনের ছোট ছোট ভিডিও তৈরির মাধ্যমে অনেক মেধা বেরিয়ে আসছে। নাচ থেকে শুরু করে মেকআপ করা, স্টাইলিং করা সব ধরনের ট্যালেন্ট এসব প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করে তুলে ধরা যায়।
ইউটিউব চ্যানেল...
লকডাউনের সময় বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম আমার ইউটিউবের জন্য। এটা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কাজ শুরু হয়ে যাওয়ায় ইউটিউব নিয়ে আলসেমিতে পড়ে গেছি। তাই নতুন কোনো ভিডিও বানানো হচ্ছে না। আসলে লকডাউনে অনেক সময় পেয়েছেন বলে বলে আমার মতো আরও অনেক অভিনেত্রী ইউটিউবে কনটেন্ট বানিয়েছেন।
ফ্যান পেজ...
জীবনে এত জটিলতা সবার, তারমধ্যে আমার জীবনে ফেইসবুক নতুন জটিলতা নিয়ে এসেছে। এর আগে ভুয়া ফেইসবুক আইডি নিয়ে বিপাকে পড়েছি। বিরক্ত হয়ে ফেইসবুক আইডি বন্ধ করে দিয়েছি। কিন্তু রেহাই পাইনি। এবার ভুয়া ফ্যান পেজ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমার নামে খোলা ভুয়া ফেইসবুক পেইজের অনুসারী ১৫ লাখেরও বেশি। আর রিয়েল পেজে লাইক ১৭ লাখের মতো। সম্প্রতি ধর্মীয় ইস্যুতে ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছে আমার নামে খোলা ফেইক ফেইসবুক পেজটি। পেজটিতে একাধিক পোস্ট দিয়ে বলা হচ্ছে- এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে দশটা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না! পোস্টগুলো শেয়ারও করছেন অনেকে। পেজটির অ্যাডমিন বা ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। যোগাযোগ করা গেলে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। যদি তাতে সফল না হই, তাহলে আইনগত ব্যবস্থা নেব।