প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দুই গ্রুপ আলাদাভাবে উদযাপন করে। চট্টগ্রামের সীতাকুন্ডে যুবলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো খবর :
ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে যুবলীগের দুই গ্রুপ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সংঘর্ষে জড়িয়েছে। এতে পুলিশের তিন সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল বুধবার সরাইল উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও উপজেলা যুবলীগের একাধিক নেতা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের সভাপতি সম্পাদক পদপ্রার্থী ছয়টি গ্রুপের পক্ষ থেকে পৃথক ছয়টি শোভাযাত্রা বের হয়। সকাল ১০টা থেকে উপজেলা সদরে তাদের নেতৃত্বে খন্ড খন্ড শোভাযাত্রা বের হয়। উপজেলা সদরে শোভাযাত্রা বের করার জন্য বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী পায়েল হোসেন মৃধার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলা সদরের গরূরবাজার এলাকায় জড়ো হওয়ার সময় প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে সরাইল-অরূয়াইল সড়কের সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের তরুণরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আধা ঘণ্টা পর সরাইল থানার পুলিশ ও জেলা সদর থেকে আসা পুলিশ ধাওয়া করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করে।
সরাইল থানার ওসি এ এম এম নাজমুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
নারায়ণগঞ্জ : নানা আয়োজনের মধ্য দিয়ে দুই গ্রুপ আলাদাভাবে উদযাপন করেছে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে নগরীর ২ নম্বর রেলগেইট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি পালন করা হয়। জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বলের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি।
অপরদিকে, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনুর নেতৃত্বে একই কার্যালয়ে দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এরপর আলোচনা সভা ও র্যালি হয়েছে।
সীতাকুন্ড (চট্টগ্রাম) : যুবলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করে সমাবেশ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বিকাল ৩টায় সম্মেলন শুরুর কথা থাকলেও ১টার দিকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সমাবেশ বন্ধের প্রতিবাদে বিকাল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলন করে এক পক্ষ।