কর্মশালায় বাণিজ্য সচিব

হালাল পণ্যের বাজার দখলের সময় এসেছে

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, বিশ^ব্যাপী হালাল পণ্যের বিশাল বাজার সৃষ্টি হয়েছে। এ বাজারের আকার বড় হচ্ছে। হালাল পণ্যের রপ্তানি বাজার দখল করার সুযোগ এসেছে। আমাদের হালাল পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে, এ সুযোগ কাজে লাগাতে হবে। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। তখন রপ্তানি বাণিজ্যে জিএসপিসহ বিভিন্ন সুবিধা থাকবে না। রপ্তানির জন্য এটা বড় চ্যালেঞ্জ। বিশ^বাজারে উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে যেতে হবে।

সিরডাপ মিলনায়তনে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘হালাল পণ্যসহ সকল পণ্যের সার্টিফিকেশন সক্ষমতা ও হালাল পণ্য রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, রপ্তানি বাড়াতে নতুন রপ্তানিপণ্য ও বাজার সম্প্রসারণের বিকল্প নেই। হালালসহ সব পণ্যের সার্টিফিকেশন সক্ষমতা অর্জন ও রপ্তানি বাড়াতে হবে। বাণিজ্যমন্ত্রীর নিদের্শনা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান রপ্তানি দশগুণ বাড়ানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। পেশাদারিত্বের মনোভাব নিয়ে এগোলে আমরা হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারে বড় অবদান রাখতে পারব।