নিউজিল্যান্ড সফরে করোনাবিধি ভেঙে বিপাকে উইন্ডিজ

নিউজিল্যান্ড সফরে করোনাবিধি ভেঙে বেশ বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সুযোগ হারিয়েছে অনুশীলনের।

করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বিদেশ সফর করে নজির গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বড় ভূমিকা রাখে দলটি। কিন্তু এবার সেই ক্যারিবিয়ানরাই নিউজিল্যান্ড সফরে করোনাবিধি ভেঙে অনুশীলনের সুযোগ হারাল।

নিউজিল্যান্ড সরকার শুরু থেকেই করোনা প্রতিরোধে বেশ কড়া। দেশটিতে যাওয়া ক্যারিবীয় ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে তিন ধাপে ভিন্ন ভিন্ন গ্রুপে রাখা হয়েছিল। কিন্তু আইসোলেশনের ১২ নম্বর দিনে এসে গোলমাল বাঁধল।

ক্রাইস্টচার্চের হোটেলে দুটি গ্রুপে আইসোলেশনে ছিলেন ক্রিকেটাররা। নিয়ম হল, এক গ্রুপে থাকা ক্রিকেটাররা আইসোলেশনের সময় অন্য গ্রুপের ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারবেন না। কিন্তু হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই গ্রুপের ক্রিকেটাররা একসঙ্গে আড্ডা দিচ্ছেন, এমনটি খাবারও ভাগাভাগি করছেন!

যদিও পুরো বিষয়টি হোটেলের মধ্যে হয়েছে, তাই হয়তো ঝুঁকি নেই। তবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিস্থিতিতে ক্রিকেটারদের কোয়ারেন্টিনের বাকি সময় হোটেলেই কাটাতে হবে বলে জানিয়েছে। যার সময়সীমা শেষ হবে শুক্রবার।

এছাড়া আইসোলেশনের নিয়ম ভাঙায় ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন ৪ দিনের জন্য বন্ধ করেছে নিউজিল্যান্ড সরকার। তবে সিরিজের সূচিতে কোনো বদল হচ্ছে না।

২৭ নভেম্বর অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা।