আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো। ঢাকা-১৮ আসনের উপনির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে গতকাল বুধবার তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নিজেদের ভরাডুবি টের পেয়ে বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানান অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার নাকি জণগণের মনের ভাষা বুঝতে পারে না। শেখ হাসিনার অবস্থান জনগণের মণিকোঠায়। এ দেশের রাজনীতিতে ৭৫-পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদের নাম শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে? সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। বিরোধিতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল।
তিনি বলেন, বিএনপি কীভাবে গণতন্ত্রের বিকাশমান রংধনুতে রং যুক্ত করবে? আমেরিকার নির্বাচন শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধী দলেরও শেখার অনেক কিছু আছে। দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যেই দলগত ভূমিকা জণগণ প্রত্যাশা করে তা থেকে তারা বহুদূরে অবস্থান করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয়। দলটি জন্ম থেকেই এ পর্যন্ত তা প্রমাণ করেছে বারবার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে। সাম্প্রতিক নানান ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসেছে এবং শাস্তি ভোগ করছে, সরকার কোনো কিছুতেই হস্তক্ষেপ করেনি। এ থেকেই প্রমাণ হয় বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে।
তিনি বলেন, বিএনপির পক্ষে রায় গেলে তারা বিচার বিভাগকে ধন্যবাদ জানায় আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে। দুর্নীতি দমন কমিশনও স্বাধীনভাবে কাজ করছে। সরকারি দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করছে, শাস্তি হয়েছে এ থেকে স্পষ্ট যে দুদকের ওপরও সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
সেতুমন্ত্রী কাদের বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে বলেই জনগণের মনের ভাষা বুঝতে পারে পক্ষান্তরে বিএনপি জনগণের মনের ভাষা বুঝতে পারা তো দূরের কথা, নিজ দলের নেতাকর্মীদেরই মনের ভাষা বুঝতে পারে না।