প্রধানমন্ত্রীর উপহারের ঘরের ভিত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নির্মাণাধীন ঘরের ভিত রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে বানিয়াচং উপজেলায় জাতুকর্ণপাড়ায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য বানিয়াচং থানায় নিয়েছে পুলিশ।

আটকরা হলেন ইয়াং স্টার ক্লাবের সহসভাপতি জাতুকর্ণপাড়ার হাফিজুর রহমানের ছেলে মুস্তাক মিয়া (২৫), সাধারণ সম্পাদক আবু সাঈদের ছেলে উমর ফারুক (২২) ও ভূমিহীন ফজলু মিয়া (৫৫)।

খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, থানার ওসি এমরান হোসেন প্রমুখ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

জানা যায়, নির্মাণাধীন ঘরের তিন ফুট দেয়ালের ইটের গাঁথুনি ভেঙে ফেলা হয়েছে। ইটের স্তূপ থেকে ইট সরিয়ে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহারের টাকায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ার জন্য কয়েক দিন আগে কাজ শুরু হলে এলাকার কতিপয় তরুণের প্রতিষ্ঠিত ইয়াং স্টার ক্লাব নামের সংগঠনের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।