যুক্তরাষ্ট্রের ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডারস দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার শ্রমমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জো বাইডেন তাকে মন্ত্রিসভার সদস্য হওয়ার আহ্বান জানালে তাতে সাড়া দেবেন তিনি। আর এক্ষেত্রে তার পছন্দ শ্রম মন্ত্রণালয়।
গত বুধবার সিএনএনের বর্ষীয়ান সাংবাদিক উলফ ব্লিতজারের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান দেশটির তরুণদের মধ্যকার সবচেয়ে জনপ্রিয় নেতা বার্নি স্যান্ডারস। এক ভিডিও কনফারেন্সে উলফ ব্লিতজারের প্রশ্ন ছিল, বাইডেনের মন্ত্রিসভার সদস্য হওয়ার আহ্বান পেলে তাতে বার্নি সাড়া দেবেন কি না? জবাবে বার্নি স্যান্ডারস বলেন, হ্যাঁ, আমি হতে (মন্ত্রী) চাই। তবে সেক্ষেত্রে আমাকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে।
আমেরিকানদের মধ্যে ধনী-গরিবের পার্থক্য, উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে আয়ের ফারাক নিয়ে বরাবর সরবকণ্ঠ সিনেটর বার্নি স্যান্ডারস বলেন, আমি সব সময়ই চাই শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে। আমার এমন কোনো পরিচয় যদি সেটিকে সহজ করে তবে তা গ্রহণে আমি পুরোপুরি রাজি আছি।
আমেরিকান মধ্যবিত্ত এবং নি¤œবিত্তের নিত্যদিনের হতাশার অবসানের ঘটানোই তার অন্যতম কাজ হবে উল্লেখ করে এই ডেমোক্র্যাট নেতা বলেন, সেটা হতে পারে বাইডেনের মন্ত্রিসভার সদস্য হয়ে বা একজন সিনেটর হিসেবেই। সময় আসুক। তখনই বলা যাবে কী করতে হবে।
তবে সিএনএন জানাচ্ছে, স্যান্ডারস ছাড়াও এই পদের জন্য আগ্রহী আছেন শ্রমিক নেতা রিচার্ড ট্রামকা, বোস্টনের মেয়র ও আরেক শ্রমিক নেতা ম্যাট্রি ওয়ালশ ও অ্যান্ডি লেভিনের মতো নেতারা। এরাও দীর্ঘদিন ধরে দেশটির শ্রমিকদের স্বার্থ ও অধিকার নিয়ে কাজ করছেন।