কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যাতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর (এমওইউ) করেছে গ্রামীণফোন।
এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে গ্রামীণফোনের কাস্টমাইজড ডাটা প্যাক সুবিধা নিতে পারবেন। সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বাণিজ্যিকভাবে এ প্যাকগুলোর সুবিধা দিতে দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে গ্রামীণফোনই ইউজিসির সাথে সমঝোতা চুক্তি করেছে।
গ্রামীণফোন ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে কাস্টমাইজড স্টুডেন্ট অনলাইন এডুকেশন প্যাক প্রদান করেছে।
ইউজিসির সাথে সমঝোতা চুক্তির আওতায় বৈশ্বিক মহামারির এ সময়ে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে সব বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে চান, তারা এ কাস্টমাইজড ও সাশ্রয়ী মূল্যের ডাটা প্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোনের সাশ্রয়ী মূল্যের স্টুডেন্ট অনলাইন এডুকেশন প্যাক দিয়ে শিক্ষার্থীরা জুম (বিডিআরইএন -এর মাধ্যমে), মাইক্রোসফট টিমস, মিটস, জিমেইল ও গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল ক্লাসে অংশ নিতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রবেশ করতে পারবেন। স্টুডেন্ট কানেক্টিভিটি ছাড়াও, কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের সংযুক্ত করতে বিশ্ববিদ্যালয়গুলো ব্রডকাস্টিং সলিউশনও (এসএমএস ও ভয়েস ব্রডকাস্ট) ব্যবহার করতে পারবে এবং সেন্ট্রালাইজড কন্ট্রোল প্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদের সিম ও ডাটা প্যাক ব্যবস্থাপনা করতে পারবে। এ চুক্তির আওতায়, নিজেদের ডিজিটাইজেশন ও অটোমেশনের যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলো গ্রামীণফোনের পোর্টফোলিও থেকে বিস্তৃত পরিসরের ক্লাউড সার্ভিস, প্রোডাক্টিভিটি ও কোলাবোরেশন স্যুইট পছন্দ ও বাছাই করা যাবে।
উল্লেখ্য গত ১২ নভেম্বর র্ভাচুয়াল সভায় ইউজিসি ও গ্রামীণফোনের মধ্যে এ চুক্তি বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।