আসন্ন থ্যাংকস গিভিং ডে-তে ভিডিও চ্যাটিংয়ের অ্যাপ জুমে ৪০ মিনিটের লিমিট থাকছে না। অ্যাপটি জানিয়েছে, ২৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর এই সময়ে ব্যবহারকারীরা বেশি সময়ের জন্য ভিডিও চ্যাট করতে পারবেন।
লকডাউনের সময় জুম তুমুল জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি সমালোচনার মুখেও পড়ে। ফেইসবুকের কাছে ব্যবহারকারীদের ডেটা বিক্রির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে ‘ভুল’ এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সিকিউরিটিরও দাবি করে তারা। এর সঙ্গে যোগ হয় তথাকথিত ‘জুমবোম্বিং’ সমস্যা-যেখানে অনাহুত ব্যক্তি ইনভাইট ছাড়াই আলাপের ভেতর ঢুকে পড়ছিলেন।
‘আমরা ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে এবং বিশ্বাস ফিরিয়ে আনতে সব সময় সচেষ্ট,’ জুমের প্রধান নির্বাহী এরিক ইউয়ান বলেন, ‘এর জন্য সব চেষ্টাই আমরা করছি।’
জুমের প্রাইভেসি নিয়ে প্রশ্ন ওঠার পর ব্রিটেন সরকার তাদের মন্ত্রীসভার মিটিংয়ে এই অ্যাপ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলে। স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক তার প্রতিষ্ঠানের কার্যক্রমে জুম নিষিদ্ধ করেন। নাসাও অ্যাপটি ব্যবহার থেকে নিজেদের বিরত রাখে।
পরে জুম কয়েকটি ফিচার যোগ করে সমস্যা কাটিয়ে ওঠে।
কোম্পানিটি জানিয়েছে, থ্যাংকস গিভিং ডেতে সাধারণ মানুষ যেন আরও বেশি সময় নিরাপদে স্বজনদের সঙ্গে কথা বলতে পারেন সেটি নিশ্চিত করতে তারা পদক্ষেপ নিয়েছে। সাময়িকভাবে লিমিট উঠিয়ে দেয়া হবে।