মৌলভীবাজারের কমলগঞ্জের শুকুরউল্লাগাঁও গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন।
জানা যায়, উপজেলার আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মধ্যে সংযোগ রক্ষাকারী জনগুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে ঘোড়ামারা-শুকুরউল্লাহগাঁও সড়ক। এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। সড়কে ধলাই নদীর উপর বিদ্যমান ব্রিজটির নির্মাণকাজ সমাপ্ত হওয়ার ৪ বছর আগে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৯৬ মিটার আরসিসি পিএসসি গার্ডার ব্রিজ। প্রায় ৪ বছর অতিক্রান্ত হলেও অদ্যাবধি প্রতিশ্রুতিটি আলোর মুখ দেখেনি। ফলে গ্রামীণ কাঁচা সড়কটিতে কোন ধরনের উন্নয়নমূলক কাজ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সড়কে যাতায়াতকারী ২ ইউনিয়নে বসবাসকারী লোকজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
স্থানীয় ইউপি সদস্য বাবুল কুমার সিংহ জানান, মৌলভীবাজার এলজিইডিকে বিষয়টি জানানো হয়েছে। এলজিইডি অফিসের লোকজন এসে রাস্তাটি ৩ বার মেপে নিয়ে যায়। কিন্তু গত ৪ বছরেও কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না।
মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুষ্প কমার কানু বলেন, ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তা ও শুকুরউল্লাগাঁও গ্রামের রাস্তা পাকাকরণের জন্য আবেদন করেছি। তবে শুকুরউল্লাগাঁও গ্রামের রাস্তা বড় ধরনের যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটি পাকাকরণ ও সংস্কারে বরাদ্দ না থাকায় সরকারিভাবেও সংস্কার করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মামুন ভূঁইয়া বলেন, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মধ্যে সংযোগ রক্ষাকারী জনগুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে ঘোড়ামারা-শুকুরউল্লাগাঁও সড়ক। এ সড়কটিসহ উপজেলার অন্যান্য রাস্তাঘাটের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনো পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায়নি।