আ.লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না : ফখরুল

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি) পরিচালনায় সুষ্ঠু নির্বাচন চাই।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই উপনির্বাচনের ফল বাতিল এবং পুনঃভোটের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘পদত্যাগ করুন। অন্যথায় প্রত্যেকটি স্বৈরাচার, প্রত্যেকটি কর্র্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় হয়েছে আপনাদেরও তেমনি জনগণের উত্তাল আন্দোলনে বিদায় হতে হবে।’

বিএনপি নেতা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কর্মসূচির শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলেও পরে পিছু হটে। তবে বাসে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল কম। দুই উপনির্বাচনের ফল বাতিল ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া আজ রবিবার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে।

মানববন্ধনে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে সারা পৃথিবী জানে, বাংলাদেশে একটা কর্র্তৃত্ববাদী সরকার, একটা একনায়ক সরকার, একটা ফ্যাসিবাদী সরকার অধিষ্ঠিত হয়ে আছে। এটা আমাদের কথা নয়, আমেরিকার কয়েকজন সিনেটর চিঠি দিয়েছে সিনেট প্রধানের কাছে, বাংলাদেশে আজকে বেআইনিভাবে বিনাবিচারে প্রায় ৪০০ লোককে হত্যা করা হয়েছে। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এক লাখের বেশি মামলা রয়েছে।’

গত বৃহস্পতিবার ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বিএনপি কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে যে, গণতন্ত্র ও নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে।’

আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের অধীনে ইতোপূর্বে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলোতে সরকারের পক্ষে জনগণের মতামত লুট করে নিয়ে গেছে ইসি। এতে করে জনগণের আস্থা নির্বাচন ব্যবস্থার ওপর থেকে ক্রমেই শূন্যের কোঠায় চলে গেছে।’

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটের হার তুলে ধরে তিনি বলেন, ‘এত সন্ত্রাস, এত কারচুপি, এত ভয়ভীতি প্রদর্শন করার পরেও এখানে ১৪ শতাংশের বেশি ভোট ইসি দেখাতে পারেনি।’

দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, শহিদুল ইসলাম বাবুল, রফিকুল ইসলাম, আকরামুল হাসান, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এর আগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মদদে বাস পোড়ানোর পুরনো খেলার পুনরাবৃত্তি হচ্ছে।’

অনুষ্ঠানে সাংবাদিকদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা জানি যে আমাদের সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অধিকাংশ সাংবাদিক ভাইদের কাজ নেই, তারা কোথাও চাকরি পাচ্ছেন না অথবা চাকরি থাকলেও তাদের সেখান থেকে চলে যেতে হচ্ছে, তাদের ছাঁটাই করা হচ্ছে। শুধু সাংবাদিকরাই নয়, সারা দেশের মানুষ আজকে কষ্টে আছেন।’ বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব এম আবদুল্লাহসহ বিভিন্ন জেলা ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।