সারা দেশের বিভিন্ন জেলায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে ১৯ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। গতকাল শনিবার দলের দপ্তরের দায়িত্বে থাকা ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ৭টি উপজেলায় উপনির্বাচন, ৪টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া জেলার শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে নাসরিন আক্তার, নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান মোসারব হোসেন প্রামাণিক; পাবনার ঈশ^রদীতে আজমল হোসেন সুজন; বেড়ায় রইজ উদ্দিন আহমেদ; যশোরের বাঘারপাড়ায় শামছুর রহমান; কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকার জহিরুল হক মিঠুন; নোয়াখালীর বেগমগঞ্জে মঞ্জুরুল আজিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, পৌরসভার মধ্যে মাদারীপুর জেলার রাজৈরে মোহাম্মদ জাকির হোসেন; মধুখালীতে শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ; গাইবান্ধার পলাশবাড়ীতে আবুল কালাম আজাদ; ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গায় আব্দুর রাজ্জাক; বন্দবেড়ে নূরে আলম, চর শৌলমারীতে আব্দুস সাত্তার; চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলীতে আলাউদ্দিন; বরিশালের মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়ায় ফয়সাল চৌধুরী; দক্ষিণ উলানিয়া মোশারেফ হোসেন; নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ায় নাসিউদ্দিন মোল্লা; মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালমে আবদুল মোক্তাদির মোক্তারকে প্রার্থী করা হয়েছে।
গত সপ্তাহে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গুলশানের কার্যালয়ে ১২ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম কেনা যাবে। প্রথম পর্যায়ে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৮ উপজেলা, ৪ পৌরসভা ও ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফরম বিক্রি হবে।