কেরানীগঞ্জে অটোচালক খুনের ঘটনায় ৪ আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে এক মাস আগে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ।

শনিবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- লুৎফর রহমান (৪২), মো. হাসান (২৭), মোহাম্মদ আলী (২৫), এনামুল (১৬)।

কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান টিটু জানান, গত ১৫ অক্টোবর দিবাগত রাতে উপজেলার রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামের ভাড়াটিয়া জনৈক জুয়েলকে (২৫) হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনায় ১৬ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গত ১ মাস মামলাটি তদন্ত করে ও প্রযুক্তির সহায়তা নিয়ে মামলার সঙ্গে সরাসরি জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

এরপর আজ রবিবার আসামিদের আদালতে প্রেরণ করলে আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় সরাসরি খুনের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মইনুল ইসলাম বলেন, খুন হওয়া ব্যক্তি গরিব ও অসহায় বলে পুলিশ থেমে থাকেনি। আইনের অধিকার সবার জন্য সমান। অপরাধী যত শক্তিশালীই হোক তাকে আইনের আওতায় আনে সুবিচার নিশ্চিত করা হবে।