নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার মানববন্ধন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাগপা।

রবিবার দুপুরে জেলা শহরের সিনেমা রোডে পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে তারা ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য দেন জেলা জাগপা’র সভাপতি আনসার আলী, জাগপা ও যুব জাগপার শাহরিয়ার রহমান বিপ্লব, কামাল হোসেন, আব্দুল খালেক, হাবিবুর রহমান হাবিব, পরিমল মোদক, মোবাশ্বের রাশেদিন, আনারুল ইসলাম, সেলিম হোসেন, মকসেদ আলী, বাবুল হোসেন, সুজন, আনু, কামরুজ্জামান কুয়েত, রাজু, নাজমুল, আসাদুল প্রমুখ।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পেশাজীবী মানুষের বিশেষ করে শ্রমিক শ্রেণি যে করুণ অবস্থায় চলছে তাতে পরিবার নিয়ে ভর্তা-ভাত খেতেই হিমশিম খাচ্ছে।

অন্যান্য পণ্য ক্রয় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কৃষক তার কৃষিপণ্যের উৎপাদন খরচও উঠাতে পারছে না। এতে করে কৃষকের অবস্থাও কাহিল।

বক্তারা আরও বলেন, সিন্ডিকেটের দ্বারা বাজার নিয়ন্ত্রিত হচ্ছে এবং ইচ্ছেমত পণ্যের মূল্য বৃদ্ধি করে আমজনতাকে যাতাকলে পিষে মারছে।

তাদের প্রতিহত করতে হবে। চাল-ডাল-তেল, আলু, পেঁয়াজ, মরিচসহ সকল কৃষি পণ্যের দাম কমাতে হবে এবং সিন্ডিকেটের কালো হাত ভেঙে দিতে হবে।