রাজশাহীতে বিপুল পরিমাণ ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত এসব ট্যাবলেট নতুন মাদক হিসেবে ব্যবহার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রুবেল হোসেনের (৩০) বাড়ি রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল আজিজ।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, শনিবার বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ অভিযান চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার ও রুবেলকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বিপুল পরিমাণ এই ট্যাবলেট ভারতে পাচারের জন্য পদ্মা পার করে চরমাজারদিয়া সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ সময় পদ্মার এপারে রাজশাহীর বসরি এলাকার আইবাঁধ থেকে ট্যাপেন্টাডলসহ রুবেলকে আটক করা হয়।
রুবেলের কাছ থেকে ১১ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২১ লাখ টাকা। এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ট্যাপেন্টাডল দেখতে ইয়াবার মতো। কিন্তু ইয়াবা নয়। এটি ব্যথানাশক ওষুধ। এই ট্যাবলেটই এখন ব্যবহৃত হচ্ছে ইয়াবা আর হেরোইনের বিকল্প হিসেবে। গুঁড়া করে ইয়াবা আর হেরোইনের মতো সেবন করছেন মাদকসেবীরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাব আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে গত ৯ জুন সরকার ট্যাপেন্টাডল ট্যাবলেট নিষিদ্ধ করে। এটিকে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করা হয়েছে।