চীনের উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫ দেশ নিয়ে গঠিত হলো বিশে^র সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষ দিন ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)’ নামে নতুন এই জোট গঠনের চুক্তি হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ১০ দেশের সঙ্গে থাকছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
আগামী দিনগুলোয় বিভিন্ন অঞ্চলে ক্রমান্ব^য়ে শুল্ক কমিয়ে আনাই নতুন এই আরসিইপি জোটের লক্ষ্য বলে জানিয়েছে রয়টার্স। দক্ষিণ চীন সাগরের উত্তেজনা ও মহামারী-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে অনলাইনে আসিয়ান দেশগুলোর নেতাদের সম্মেলনের সাইডলাইনে এই আরসিইপি চুক্তিটি স্বাক্ষর হয়েছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুকের বলেন, আরসিইপি শিগগিরই স্বাক্ষরকারী দেশগুলোয় অনুমোদিত হওয়ার পর কার্যকর হবে। এটি কভিড-১৯ মহামারী-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ জোটের প্রতিশ্রুতিগুলোর মধ্যে সদস্যদেশের ভেতর কিছু শুল্ক তুলে নেওয়ার কথাও রয়েছে। এর মধ্যে কিছু কিছু শুল্ক শিগগিরই উঠে যাবে; কিছু কিছু ক্ষেত্রে ১০ বছরেরও বেশি সময় লাগতে পারে।
তবে কোন কোন পণ্যে শুল্ক কমবে এবং কোন কোন দেশ শিগগিরই শুল্ক কমানোর পদক্ষেপ নিতে যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রভাব কমাতে বারাক ওবামার শাসনামলে ১২ দেশকে নিয়ে ‘ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ’ (টিপিপি) চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। আরসিইপি চুক্তি টিপিপিতে প্রভাব ফেলতে পারে। চীনের অর্থনৈতিক উচ্চাশা পূরণের পথ এ চুক্তি আরও মজবুত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিবিসি বলছে, নতুন এই জোটের আওতায় পড়বে বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩০ শতাংশ। এর মধ্য দিয়ে তৈরি হওয়া মুক্তবাণিজ্য এলাকার আকার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো নিয়ে গঠিত মুক্তবাণিজ্য অঞ্চল বা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চেয়েও বড় হবে।
এশিয়ার আরেক বড় অর্থনীতি ভারতেরও এই চুক্তিতে আসার কথা ছিল। কিন্তু সস্তা চীনা পণ্যে বাজার সয়লাব হওয়ার আশঙ্কায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর এ আলোচনা থেকে সরে যান। এরপরও নয়াদিল্লির জন্য দরজা খোলা থাকছে বলে গতকাল আসিয়ান দেশগুলোর নেতারা জানিয়েছেন।