ডিসিসিআই ওয়েবিনারে বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ মীমাংসায় সর্বোত্তম পন্থা এডিআর

বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি এলসিসংক্রান্ত আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ মীমাংসার সর্বোত্তম পন্থা বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ঋণপত্র থেকে উদ্ভূত আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ সমাধানে যেসব বিষয় উঠে আসতে পারে, সেসবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত আদালত ব্যবস্থায় প্রতিকার চাওয়ার চেয়ে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ তথা অলটারনেটিভ ডিস্পিউট রিজলোসন (এডিআর) পদ্ধতি অনুসরণ সহজতর, অর্থ ও সময় সাশ্রয়ী হতে পারে।

গত শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল ওয়েবিনারের এ বিষয়টি উঠে আসে। ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে ঋণপত্র (এলসি) বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্যিক বিরোধ মীমাংসা’ শীর্ষক এ ওয়েবিনারে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের এডিআর বিশেষজ্ঞ, ব্যাংকার, আইনজীবী ও ব্যবসায়ীরা।

ওয়েবিনারে ডিসিসিআই সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শামস মাহমুদ ডিসিসিআইর সদস্য প্রতিষ্ঠানের বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে কথা বলেন।

তিনি বলেন, এডিআর পদ্ধতি অনুসরণ করে এসব নিষ্পত্তি করা গেলে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। এ লক্ষ্যে ডিসিসিআই ও বিয়াক একযোগে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত ঋণচুক্তির অসামঞ্জস্যগুলো দূর করে বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করা হবে।

বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ. (রুমি) আলী বলেন, গত প্রায় এক দশক ধরে দেশের একমাত্র নিবন্ধিত এডিআর প্রতিষ্ঠান হিসেবে এডিআর পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে বিয়াক কাজ করে যাচ্ছে। সালিশি ও মধ্যস্থতা কার্যক্রম দ্বারা এসব বিরোধ নিষ্পত্তি দ্রুততর ও অর্থ সাশ্রয়ী হয়ে থাকে। এগুলো নিষ্পত্তিতে বিয়াক তার নিজস্ব বিধিমালা প্রয়োগে সাফল্য অর্জন করতে শুরু করেছে। ডিসিসিআইয়ের সঙ্গে কাজ করে ঋণচুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ মীমাংসার ইতিবাচক ফল অর্জন আরও সহজ হবে।