ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এসব কর্মসূচিতে জেলা-উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর মধ্যে সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশি বাধার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
সুনামগঞ্জ : নির্বাচনে ‘অনিয়ম’ ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয়। নেতাকর্মীদের অভিযোগ, কিছুদূর এগোনোর পর খামারখালী পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় কর্মসূচি পালিত হয়।
বরিশাল : বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি এবং এর আগে অশ্বিনী কুমার হলের সামনে জেলা বিএনপির উদ্যোগে পৃথক এ কর্মসূচি পালিত হয়।
ঝিনাইদহ : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল ও নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীদের ধর-পাকড়ের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল সকালে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম মশিয়ুর রহমান।
নীলফামারী : দুপুরে শহরের পৌর সুপার মার্কেট এলাকার অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
নেত্রকোনা : সকাল ১০টার দিকে শহরের ছোট বাজার এলাকার দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক।