মদনে ধর্ষণের শিকার কিশোরীর সন্তান প্রসব

প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার কিশোরী (১৬) এক ছেলে সন্তানের মা হয়েছেন।

রবিবার সকালে নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসবের ঘটনা ঘটে। প্রেমিক ও ধর্ষক রবি তালুকদার (১৮) উপজেলার ঘাটুয়া গ্রামের প্রতিবেশী নয়ন তালুকদারের ছেলে।

নয়নের সঙ্গে প্রতিবেশী রবি তালুকদারের সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের শারীরিক সম্পর্ক তৈরি হয়। এতে কিশোরীর শারীরিক গঠনে পরিবর্তন দেখা দিলে প্রেমিক রবিকে বিয়ের জন্য চাপ দেয় ভিকটিম। প্রেমিক তাদের সম্পর্ক অস্বীকার করলে ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানায়।

সামাজিকভাবে নিষ্পত্তি না হওয়ায় ভিকটিমের পরিবার গত ১৬ জুন মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ গত ১৯ জুন প্রেমিক রবিকে আটক করে আদালতে পাঠালে আদালত রবিকে জেলে প্রেরণ করেন। বর্তমানে প্রেমিক রবি কারাগারে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভিকটিম দেশ রূপান্তরকে বলেন, আমি আমার সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। সন্তানের নিরাপত্তাসহ তার সন্তানের স্বীকৃতি চান তিনি।

ভিকটিমের বাবা বলেন, রবিবার সকালে আমার মেয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ছেলে সন্তান প্রসব করেছে। আমরা গরিব মানুষ কি করবো ভেবে পাচ্ছি না। ছেলের পরিবার গ্রামের মধ্যে প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে। মেয়ে ও নাতিকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জসিম বলেন, সন্তান ভূমিষ্ঠের বিষয়টি জানা নাই। ইতিমধ্যে আসামিকে আটক করে আদালতে পাঠালে সে এখন জেলে রয়েছে।

অন্যান্য আসামি আটকের ব্যাপারে তিনি বলেন, অন্য আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।