স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবের করোনা রিপোর্ট নিয়ে বিভ্রান্তি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনাভাইরাসের রিপোর্ট নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। গত শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষায় দুজনেরই রিপোর্ট পজিটিভ আসে। গতকাল রবিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষায় দু জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ। এই নিয়ে ধোঁয়াশায় পড়েছেন দুজনের পরিবার।  

শরীফ মাহমুদ বলেন, আজ (গতকাল) রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিবের উপস্থিত থাকার কথা ছিল। প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কভিড-১৯ টেস্ট করাতে হয়। তাই কোনো উপসর্গ না থাকার পরও দুজনেরই টেস্ট করা হয় আইইডিসিআরে। শুক্রবার সকালে নমুনা দেওয়া হয়েছিল। ওইদিন রাতেই ফল পজিটিভ আসে। আর সেজন্য দুজনের কেউই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেননি।

তিনি আরও বলেন, ‘করোনার বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আবার দুজনের নমুনা দেওয়া হয়েছে আজ (গতকাল) রবিবার। তারা নিজ নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। রাতে করোনার রিপোর্ট আসে নেগেটিভ। এই নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। অন্য কোনো হাসপাতালে আবার করোনার পরীক্ষা করার ব্যাপারে হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তারা সুস্থ আছেন। দেশবাসীর দোয়া চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব।