দক্ষিণ অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড-১৯ প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার তাই সংক্রমণ বৃদ্ধি হ্রাস করতে নানা পরিকল্পনা শুরু করেছে। তারই অংশ হিসেবে শেফিল্ড-শিল্ডে অংশ নেওয়া খেলোয়াড়দের সবাইকে সেল্ফ-আইসোলেশনে থাকতে বলা হয়েছে। যে তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইন।
১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। গোলাপি বলে দিন-রাতের টেস্টের জন্য গ্যালারিতে দর্শক সমাগমেরও অনুমতি দেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে ছবিটা বদলে যেতে পারে। তাই ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হওয়া অস্বাভাবিক নয়।
শুধুমাত্র ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টই নয়, নতুন করে করোনা মাথা চাড়া দেওয়ায় অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
যদিও এর মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ আয়োজনে কোনো সমস্যা হবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ‘পরিস্থিতির দিকে বোর্ড নজর রাখছে। আপাতত এটুকুই। সূচি অনুযায়ী অ্যাডিলেড টেস্ট যথা সময়ে অনুষ্ঠিত হবে।’