হত্যার হুমকি পাওয়ার পর ক্ষমা চাইলেন সাকিব

ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের মহসিন তালুকদার নামের এক যুবক। রবিবার মধ্যরাতে দা হাতে নিয়ে ২১ মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিও প্রচার করেন তিনি। এতে সাকিবকে উদ্দেশ্য করে মহসিন বলেন, কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে গিয়ে সাকিব মুসলমানের কলিজায় আঘাত করেছেন। তাই সাকিবকে পেলে কুপিয়ে টুকরো করে হত্যা করবেন। সাকিবকে অকথ্য গালিগালাজও করতে শোনা যায়।

প্রায় ৬ ঘণ্টা পর আরেকটি ফেইসবুক লাইভে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে মহসিন বলেন, ‘সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো সব সেলিব্রেটিকে সঠিক পথে চলার জন্য আমার এই ভিডিও বার্তা।’ হুমকিদাতা মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) এ বি এম আশরাফ উল্লাহ জানিয়েছেন, ‘সাকিবকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পর হুমকিদাতাকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ তিনি আরও বলেন, সাকিবের বিষয়টি ধর্মীয় সম্প্রীতির উদাহরণ। তাই এ ব্যাপারে উসকানিমূলক যে ভিডিও ফেইসবুকে প্রচার হয়েছে, তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।’

পূজা উদ্বোধন করেননি সাকিব: এদিকে সাকিব আল হাসান বলেছেন, কলকাতায় তিনি পূজা উদ্বোধন করেননি। গতকাল নিজের ফেইসবুক পেইজে সাকিব বলেন, ‘আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা (পূজা উদ্বোধন) করব না। তারপরও হয়তো ওখানে যাওয়টাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমাপ্রার্থী। আশা করব, আপানারা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনো ঘটনা যেন আর না ঘটে, সেটিও আমি চেষ্টা করব।’

এদিকে ভক্তের ফোন ছুড়ে ফেলা প্রসঙ্গে সাকিবের দাবি, (সেদিন) কারও ফোন ছুড়ে ফেলেননি তিনি। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলার পরও (ওই) ভক্ত গা ঘেঁষে ছবি তুলতে এলে সাকিব দূরে যেতে ইঙ্গিত করার সময় তার হাত লেগে ভক্তের হাতে থাকা মোবাইল পড়ে যায়। তারপরও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।