লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস এর বিরুদ্ধে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অনাস্থা প্রস্তাব এনেছেন।
সুনির্দিষ্ট নয়টি অভিযোগ সংবলিত এই অনাস্থা প্রস্তাব মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের নিকট জমা দিয়েছেন চেয়ারম্যান।
সন্ধ্যায় অনাস্থা প্রস্তাবটি পেয়েছেন বলে দেশ রূপান্তর নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর।
অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, ফারুক ইমরুল কায়েস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের ও উপজেলার অন্যান্য কর্মকর্তাগণের সঙ্গে খারাপ আচরণ, অশ্রাব্য কথাবার্তা ও দুর্নীতি করে আসছেন।
আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস সন্ধ্যায় অনাস্থা প্রস্তাবের বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে জানেন না বলে জানান।
তবে তিনি এ সময় দাবি করে বলেন, এটি করলে তারাই সমস্যায় পড়বেন।
এ বিষয়ে জানতে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনাস্থা প্রস্তাব এর অভিযোগটি পেয়েছেন বলে জানালেও এর বাইরে কোন কথা বলতে রাজি হননি।
এর আগে গত ১৩ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে আদিতমারী উপজেলা প্রশাসনের সতেরো জন কর্মকর্তাকে হুমকি, অসদাচরণসহ নানান অভিযোগ এনে লালমনিরহাট জেলা প্রশাসকের নিকট প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।