বীর মুক্তিযোদ্ধাদের জমির নামজারি ১০ দিনে

এখন থেকে সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জমির নামজারি ১০ কার্যদিবসে সম্পন্ন হবে। গতকাল মঙ্গলবার এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বীর মুক্তিযোদ্ধাদের থেকে পাওয়া নামজারির আবেদনপত্রগুলো পৃথক একটি রেজিস্টারে এন্ট্রি করার কথা বলা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) স্বয়ং সরেজমিন তদন্ত করবেন।

তিন কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে চতুর্থ কার্যদিবসে সহকারী কমিশনার (ভূমি) কর্র্তৃক সংশ্লিষ্টদের শুনানির জন্য নোটিস দেওয়ার কথা বলা হয়েছে পরিপত্রে। এর পরবর্তী ছয় কার্যদিবসের মধ্যে যথাযথ শুনানি শেষে সহকারী কমিশনার (ভূমি) কর্র্তৃক মামলাটি নিষ্পত্তি করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থাকবেন এবং তিনি সেবাদানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন এবং পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ডে প্রতিবেদন পাঠাবেন।