নাটোরের বড়াইগ্রামে দাসগ্রাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে কমিটি ছাড়া এককভাবে প্রতিষ্ঠান পরিচালনা ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
এসব অভিযোগে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাওলানা হযরত আলী ২০১৪ সালে অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার পর থেকে ১৩ জন প্রভাষক-শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে উন্নয়ন ফান্ডের নামে প্রায় কোটি আদায় করেছেন।
কিন্তু এ টাকা প্রতিষ্ঠানের তহবিলে জমা না দিয়ে বা উন্নয়নকাজে ব্যয় না করে পুরো টাকা আত্মসাৎ করেছেন।
পদ শূন্য না থাকলেও সেসব পদের বিপরীতে নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন, পরবর্তীতে নিয়োগপ্রাপ্তদের চাকরি না টিকলেও টাকা ফেরত না দেয়ার একাধিক অভিযোগ রয়েছে।
২০১৮ সালের মাঝামাঝিতে নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলেও অদ্যাবধি কমিটি গঠন না করে শুধু ইউএনও’র স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন করছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসার নামে এলাকাবাসীর দান করা প্রায় একশ’ বিঘা জমি রয়েছে। প্রতি বছর এসব জমি লিজ দিয়ে কমপক্ষে ১০ লাখ টাকা আয় হয়।
এ ছাড়া মাদ্রাসা মার্কেটের ৫০টি দোকান থেকে তিনি নিজস্ব লোক দিয়ে মাসিক ভাড়া আদায় করেন। এসব টাকার নামমাত্র মাদ্রাসা তহবিলে জমা দিয়ে অবশিষ্ট অংশ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
ভুক্তভোগী লালপুরের নাওদাড়া গ্রামের আতিকুর রহমান বলেন, অধ্যক্ষ উন্নয়ন ফান্ডের নামে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে সমাজ বিজ্ঞান শিক্ষক হিসেবে আমাকে নিয়োগ দেন। কিন্তু তিনি আমার বেতন করতে পারেননি। পরবর্তীতে জানতে পারি যে এ বিষয়ে পদ শূন্য না থাকলেও তিনি নিয়োগ দিয়েছেন। পরে বারবার ধরনা দেওয়ায় তিনি কিছু টাকা ফেরত দিয়ে অবশিষ্ট পুরো টাকা আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে বিগত কমিটির পদত্যাগী সদস্য সেলিম রেজা বাবু বলেন, অধ্যক্ষ পরিচালনা কমিটির মিটিংয়ে আয়-ব্যয়ের কোনো হিসাব দেন না। কমিটির কিছু সদস্যের সহায়তায় নিয়োগ বাণিজ্য, জমি লিজ ও দোকান ভাড়াসহ বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। আমরা এসব অনিয়ম-দুর্নীতির তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।
অধ্যক্ষ মাওলানা হযরত আলী বলেন, অল্প সময়ের মধ্যেই কমিটি গঠন করা হবে। শিক্ষক-কর্মচারী নিয়োগে কোনো টাকা পয়সা নেয়া হয়নি, অন্যান্য অর্থ আত্মসাতের অভিযোগও সঠিক নয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।