রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান মেয়রের

নিয়ম অনুযায়ী রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানালেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল দুপুরে রাজধানীর টিকাটুলীতে শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট শেখ হাসিনা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনকালে  এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘আমরা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় শহরটাকে নিয়ে আসতে চাই। আমরা রাত ৮টার মধ্যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ করতে চাই। বহির্বিশ্বে দেখি একটি সুনির্দিষ্ট সময়ের পর সবকিছু বন্ধ হয়ে যায়। ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টাÑ বিভিন্ন ক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়। আমরা মনে করি ঢাকাবাসীর জন্য ঢাকা শহরের দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করলে আমাদের সামগ্রিক কার্যক্রম একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারব।’

তিনি বলেন, ‘৮টার মধ্যে দোকানপাট বন্ধ করা হলে ঢাকা শহর যানজট থেকে অনেকটা মুক্তি পাবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব, সন্তানদের সময় দিতে পারব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সবকিছু বিবেচনা করে আমরা রাত ৮টা পর্যন্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি। এটি কার্যকর করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।’

এর আগে সকালে আজিমপুর আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি বলেন, ‘আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই মার্কেটের কাজ আরম্ভ করছি। এখানে ক্ষণগণনা ফলক থাকবে। ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট দুই বছর সময়ের মধ্যে এ কাজটি সম্পন্ন করব।’