পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা নেবে এনআরবি ব্যাংক

শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহের অনুমতি পেয়েছে বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংক। আইপিওর (প্রাথমিক শেয়ার) মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের ১২ কোটি শেয়ার ছেড়ে এ টাকা সংগ্রহ করবে তারা। এছাড়াও বুকবিল্ডিং পদ্ধতিতে বাজার থেকে ১৫০ কোটি টাকা নেবে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বুকবিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৫০ কোটি টাকা নেবে লুব-রেফ। এ ক্ষেত্রে তাদের প্রসপ্রেকটাস প্রকাশ করতে গতকাল অনুমোদন দিয়েছে কমিশন। তবে যেসব যোগ্য বিনিয়োগকারী বিডিং ৫০ টাকার বেশি দাম প্রস্তাব করেছে, তাদের ব্যাখ্যা তলব করেছে কমিশন। এছাড়া আইপিওতে ১২০ কোটি সংগ্রহের অনুমোদন পেয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। সুনির্দিষ্ট কয়েকটি খাতে এ টাকা খরচ করবে কোম্পানিটি। এর মধ্যে সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিওর খরচে ব্যয় হবে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানির প্রতিটি শেয়ারের সম্পদ মূল্য ১৩ দশমিক ৮৬ টাকা। আর বছরের ভারিত গড় আয় ১ দশমিক ৫৫ টাকা। কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে এশিয়ান টাইগার পার্টনার ইনভেস্টমেন্ট এবং এএফসি ক্যাপিটাল।