নওগাঁর পত্নীতলায় একটি ক্লিনিক থেকে আরিফা জান্নাত মীম (২০) নামের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ক্লিনিকের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নার্স হিসেবে কর্মরত ছিলেন মীম। দীর্ঘদিন ধরে ক্লিনিকটির এক্স-রে রুমের পাশে একটি কক্ষেই থাকতেন তিনি। গতকাল সকালে পুলিশ খবর পেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মীমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। আরিফা জান্নাতের বাড়ি ধামইরহাটের মইসুর এলাকায়। তার বাবার নাম মিজানুর রহমান।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ দেশ রূপান্তরকে জানান, সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই মীম আত্মহত্যা করেছেন।