বেনাপোলে দেড় কেজি সোনা জব্দ

ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে ১৩টি সোনার বারসহ আশিকুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলি গ্রামে।

গতকাল বৃহস্পতিবার সকালে আমড়াখালী এলাকায় বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস থেকে আশিকুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা মোট দেড় কেজি ওজনের ১৩টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার দাম ১ কোটি ৯ লাখ টাকা বলে জানায় বিজিবি।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারতে বিপুল পরিমাণ সোনা পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল বেনাপোলগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে যাত্রী আশিকুরের কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩টি সোনার বার পায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।